ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির মুখপাত্র নায়িনি নিহত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।
শুক্রবার আইআরজিসি আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ভোরে চালানো এই হামলায় তিনি নিহত হন। টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানায়। একই তথ্য জানিয়েছে মেহর নিউজও।
তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে নায়িনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলা সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধরে রেখেছে।
তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে বলেন, শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। তিনি আরও বলেন, দেশের ওপর থেকে যুদ্ধের ছায়া পুরোপুরি দূর হলেই কেবল এই সংঘাতের অবসান হওয়া উচিত।
এদিকে সাম্প্রতিক হামলাগুলোতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব। সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে