Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন নৌযানে হামলার দাবি ইরানের

হরমুজ প্রণালির সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সামরিক স্পিডবোটে (ইউএসভি) হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে তারা শত্রুপক্ষের প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের হুমকি এলে কঠোর জবাব দেওয়া হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে সতর্ক করে দিয়ে আরও বলা হয়, ‘আগ্রাসী যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, এই অঞ্চল ত্যাগ করা এবং উসকানিমূলক তৎপরতা বন্ধ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

এর আগে আইআরজিসি দাবি করেছিল, তারা মার্কিন এক বিমানবাহী রণতরী এবং একটি নৌবাহিনীর ধ্বংসাতাক জাহাজে (ডেস্ট্রয়ার) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দুটি যুদ্ধজাহাজই ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

আইআরজিসির ভাষ্যমতে, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে তাড়া করছিল এবং সামুদ্রিক অবরোধের চেষ্টা করায় ক্ষেপণাস্ত্র হামলাটি চালানো হয়।

ইরানি বাহিনীটির দাবি, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেনটকম) দুটি নৌযানে হামলার বিষয়টি স্বীকার করায় তাদের অভিযানের সত্যতা প্রমাণিত হয়েছে।

তবে এসব দাবির সত্যতা স্বাধীন কোনো মাধ্যম থেকে যাচাই করা সম্ভব হয়নি।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ