Views Bangladesh Logo

হরমুজ প্রণালীতে টোল আরোপ অবৈধ: আইএমও প্রধান

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের টোল আরোপের উদ্যোগ সম্পূর্ণ অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এটি প্রত্যাখ্যান করা উচিত বলে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি-জেনারেল আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এই বিতর্ক উঠে এসেছে।

শনিবার (১১ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডোমিঙ্গুয়েজ স্পষ্ট করে বলেন, “কোনো দেশেরই এই প্রণালীতে টোল, পেমেন্ট বা চার্জ আরোপের অধিকার নেই। টোল আরোপ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “আমি আহ্বান জানাই—কেউ যেন এ ধরনের সেবা ব্যবহার না করে। কারণ এটি একটি খারাপ নজির স্থাপন করবে, যা বিশ্বব্যাপী শিপিংয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে।”

ইরানি কর্তৃপক্ষ যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল আরোপের দাবি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওয়াশিংটন ও তেহরানের যৌথ উদ্যোগে টোল আদায়ের ‘জয়েন্ট ভেঞ্চার’ প্রস্তাব করেছেন।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। এতে উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুসারে, যুদ্ধবিরতি শুরু থেকে শুক্রবার পর্যন্ত মাত্র ২২টি জাহাজ (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম চালু রেখে) হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে ১৩৫টি জাহাজ চলাচল করত।

ডোমিঙ্গুয়েজ জোর দিয়ে বলেন, প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের মূল সমাধান হলো যুদ্ধের অবসান। এই সংঘাত শুরু হওয়ার আগে হরমুজ প্রণালীতে কোনো সমস্যা ছিল না।

তিনি আরও বলেন, “সংঘাত শেষ হলেই আমরা ধাপে ধাপে অঞ্চলে জাহাজ চলাচল পুনরায় শুরু করতে পারব। এজন্য মাইনসহ সম্ভাব্য ঝুঁকি দূর করতে সংশ্লিষ্ট দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

প্রণালী পরিচালনায় নতুন কোনো চুক্তি বা ফ্রেমওয়ার্কের প্রয়োজনীয়তা উড়িয়ে দিয়ে আইএমও প্রধান উল্লেখ করেন, ১৯৬৮ সালে ইরান ও ওমানের মধ্যে স্বাক্ষরিত ট্রাফিক বিভাজন চুক্তি সংঘাতের আগে সঠিকভাবে কাজ করেছে।

হরমুজ প্রণালীতে চলাচল বন্ধ থাকায় উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক আটকে পড়েছেন বলে উদ্বেগ প্রকাশ করেন আইএমও প্রধান। “এটাই আমার সবচেয়ে বড় উদ্বেগ। যত বেশি সময় এই পরিস্থিতি চলবে, তাদের জন্য ততই ক্ষতিকর হবে। বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, কিন্তু আমার প্রথম অগ্রাধিকার হলো শিপিংয়ে থাকা নিরপরাধ মানুষগুলো।”

সূত্র: আল-জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ