Views Bangladesh Logo

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় গুরুতর আহত মোজতবা খামেনি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তার ঘনিষ্ঠ মহলের তিনজনের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি বা উভয় পা গুরুতরভাবে জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


জানা গেছে ৫৬ বছর বয়সী মোজতবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং মানসিকভাবে এখনো সক্রিয় রয়েছেন। আরও দুইটি সূত্রের দাবি, তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। এসব আলোচনার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়ও রয়েছে।

শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে মোজতবা খামেনির শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

রয়টার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে তার শারীরিক অবস্থার বিষয়ে এটিই সবচেয়ে বিস্তারিত তথ্য, যদিও সংস্থাটি স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার ছেলে মোজতবা খামেনি।

এরপর ৮ মার্চ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে আসেননি; তার কোনো ভিডিও, অডিও বা ছবি প্রকাশ করা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, প্রথম দফার ওই হামলাতেই তিনি আহত হন, যদিও ইরান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে ১৩ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি পঙ্গু হয়ে গেছেন। পাশাপাশি মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানায়, ধারণা করা হচ্ছে তিনি একটি পা হারিয়েছেন। তবে এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ