Views Bangladesh Logo

ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট

২০২৬ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলা’।

২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন মাসুদ পেজেশকিয়ান। ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

২০২৪ সালে মিশর, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরান ব্রিকসের পূর্ণ সদস্য হয়। পরের বছর ইন্দোনেশিয়া জোটে যোগ দেওয়ার পর ব্রিকসের পূর্ণ সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১।

এর আগে চলতি বছরের জুনে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নয়াদিল্লিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি পশ্চিম এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতি প্রশমনে ভারতের আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন।

আরাগচি বলেন, চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোই সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ