যুদ্ধ বন্ধে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে তিনটি গুরুত্বপূর্ণ শর্তের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধ বন্ধ করে শান্তির পথে এগোনো সম্ভব।
বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, ইরান আঞ্চলিক শান্তির পক্ষে অবস্থান বজায় রেখেছে। তবে সংঘাত বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকার স্বীকার করতে হবে, যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত থামাতে বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। এ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট জানান, বিষয়টি নিয়ে তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন।
পোস্টে পেজেশকিয়ান অভিযোগ করেন, বর্তমান যুদ্ধ ‘জায়নবাদী শাসনব্যবস্থা’ ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হয়েছে। তিনি বলেন, ইরানের ন্যায্য অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধে শক্ত আন্তর্জাতিক গ্যারান্টি থাকলেই কেবল এই সংকটের অবসান সম্ভব।
রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ইরান শুরু থেকেই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে ছিল। তবে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তার প্রস্তাবিত তিনটি শর্ত বাস্তবায়ন জরুরি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ইরান ও আশপাশের দেশগুলোর মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। এ অবস্থায় রাশিয়া ইরানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে