Views Bangladesh Logo

খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করা হবে: ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত যে কোনো নেতাকে হত্যা করার হুমকি দিয়েছে ইসরায়েল। বুধবার (৪ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক কঠোর বিবৃতিতে জানিয়েছেন, খামেনেইর পর যাকে এই পদে বসানো হোক না কেন, ইসরায়েলি সামরিক বাহিনী তাকে লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। খবর আল জাজিরার।

কাটজ বলেন, ইরানের বর্তমান সন্ত্রাসী শাসকগোষ্ঠী যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা চালিয়ে যাওয়ার জন্য কাউকে মনোনীত করে, তাকে রেহাই দেওয়া হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে।

প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেছেন, “ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা কর্তৃক নিযুক্ত যে কোনো নেতা, যিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা এগিয়ে নেবেন, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবেন এবং ইরানি জনগণকে নিপীড়ন করবেন, তিনি আমাদের নির্মূল তালিকার প্রধান লক্ষ্যবস্তু হবেন।”

কাটজ আরও যোগ করেন, “নেতার নাম বা অবস্থান আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।” ইসরায়েলের এই হুমকি ইঙ্গিত করছে যে, তারা ইরানের নেতৃত্ব পর্যায়ে শূন্যতা তৈরি এবং দেশটিকে অভিভাবকহীন করার কৌশল গ্রহণ করেছে।

তিনি দাবি করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা ধ্বংসে কাজ করছে। সামরিক অভিযানের মাধ্যমে কেবল সক্ষমতা ধ্বংস করা নয়, এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে ইরানি জনগণ নিজ থেকেই বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার দিকে অনুপ্রাণিত হয়।

ইসরায়েলের এই কৌশলগত লক্ষ্য ইঙ্গিত করছে, খামেনেইর মৃত্যুর পর তেহরানের শাসনব্যবস্থা পরিবর্তনের দিকে এগোচ্ছে। যদিও নতুন কোনো নেতার নাম এখনও ঘোষণা করা হয়নি, ইসরায়েলের আগাম হুমকি পুরো অঞ্চলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।

সূত্র জানায়, ইসরায়েলি বিমানবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য পরবর্তী নেতাদের গতিবিধি নজরদারি করছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকে তেহরান ও তেল আবিবের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি তুঙ্গে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ