সেকেন্ডের ব্যবধানে প্রাণে বাঁচেন মোজতবা খামেনি, ফাঁস হওয়া অডিওতে তথ্য
ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। তার বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মিনিট আগে তিনি বাগানে হাঁটতে বের হওয়ায় প্রাণে বেঁচে যান।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ একটি ফাঁস হওয়া অডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি আলি খামেনি ও অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে মোজতবা খামেনিকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেদিন স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে ইসরায়েলের ‘ব্লু স্প্যারো’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার বাসভবনে আঘাত হানে। হামলার কয়েক মুহূর্ত আগে তিনি ঘরের বাইরে বের হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।
আলি খামেনির দপ্তরের প্রোটোকল প্রধান মাজহার হোসাইনি ১২ মার্চ তেহরানে শীর্ষ আলেম ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডারদের এক বৈঠকে ঘটনাটির বিস্তারিত তুলে ধরেন।
ওই বৈঠকের কথোপকথনের একটি অডিও পেয়েছে দ্য টেলিগ্রাফ, যা তারা স্বতন্ত্রভাবে যাচাই করেছে বলে জানিয়েছে।
অডিওতে বলা হয়, হামলায় মোজতবা খামেনির পায়ে আঘাত লাগে। তবে তার স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। খামেনির সামরিক দপ্তরের প্রধান মোহাম্মদ শিরাজিও ওই বিস্ফোরণে নিহত হন।
ঘটনাস্থলটি এমন একটি প্রাঙ্গণ, যেখানে আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের বাসভবন রয়েছে। হামলার সময় সেখানে আলি খামেনি এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে ছিলেন।
ক্ষেপণাস্ত্র হামলায় আলি খামেনি ছাড়াও আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর ও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাজহার হোসাইনি অডিওতে বলেন, খামেনি পরিবারের সবাইকে হত্যার উদ্দেশ্যেই ওই দপ্তরের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানো হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে