Views Bangladesh Logo

দীর্ঘদিন পর প্রকাশ্যে মোজতবা খামেনি, সামনে এলো নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনির দীর্ঘদিন পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে বেশ কিছুদিন জনসমক্ষে দেখা না যাওয়ায় তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা চলছিল।

শনিবার (৮ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে মোজতবা খামেনির ওই ভিডিও প্রকাশ করে। ভিডিওতে তাকে কয়েকজন ব্যক্তির মাঝে দেখা যায়। এ সময় তিনি আশপাশের লোকজনের সঙ্গে কথোপকথন করছিলেন বলে দেখা গেছে।

তবে ভিডিওটি ঠিক কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মেহের নিউজ। মোজতবা খামেনিকে ঘিরে থাকা ব্যক্তিরাও কারা, তা জানানো হয়নি। ফলে ভিডিওটি সাম্প্রতিক কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিক নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুদ্ধাবস্থার মধ্যে মোজতবা খামেনিকে দীর্ঘ সময় প্রকাশ্যে দেখা না যাওয়ায় তার নিরাপত্তা, অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।

মোজতবা খামেনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। মার্চের শুরুতে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ বিরতির পর তার উপস্থিতির ভিডিও প্রকাশ পাওয়ায় ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান অবস্থান ও কার্যক্রম নিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ