আজ রাতেই ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে আজ শুক্রবার দিবাগত রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। পাকিস্তানি একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে তারা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন’র খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি ছোট প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে আসতে পারেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও নিরাপত্তা দল ফেডারেল রাজধানীতে অবস্থান করছে বলেও সূত্রগুলো জানিয়েছে।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আরাগচির মধ্যে সাম্প্রতিক ফোনালাপে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এবং পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুই পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের প্রেক্ষাপটে ইসলামাবাদের উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানায়, দার জোর দিয়ে বলেছেন—অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ধারাবাহিক সংলাপ ও সম্পৃক্ততা জরুরি, যাতে দ্রুত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন। দুই পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে বলেও জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা বিলম্বিত হচ্ছে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালী বন্ধের বিষয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ নিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
এর আগে, বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভী যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নাটালি বেকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় দফা আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, পারস্পরিক অবিশ্বাস থাকা সত্ত্বেও দুই থেকে তিন দিনের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা হতে পারে। তার ভাষায়, “এটা সম্ভব।”
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও তা ভেঙে যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে