হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন
ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি গত সপ্তাহে (১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত হয়েছিলেন। ওই হামলায় তার স্ত্রী নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৯ এপ্রিল (বৃহস্পতিবার) তিনি মারা যান।
কামাল খারাজি ইরানের শাসনব্যবস্থায় একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এবং দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
এদিকে ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত "৩৯ দিনের" বিমান হামলায় দেশটির রাজনৈতিক ও সামরিক কাঠামোতে চরম বিপর্যয় নেমে এসেছে। কামাল খারাজির মৃত্যু এই সংকটে নতুন এক মাত্রা যোগ করল। সবচেয়ে বড় ধাক্কা হিসেবে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ পর্যায়ের অন্তত ছয়জন প্রভাবশালী নেতার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি অনুযায়ী, তাদের গত কয়েক সপ্তাহের হামলায় ইরানের "৫০ জনেরও বেশি" শীর্ষস্থানীয় নেতা এবং সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে