ইরান-ইসরায়েল সংঘাত: বিপাকে ৪০ হাজার বিদেশি পর্যটক, আকাশপথ বন্ধ
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের জেরে ইসরায়েলে অন্তত ৪০ হাজার বিদেশি পর্যটক আটকা পড়েছেন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় পর্যটকরা নিজ দেশে ফিরতে পারছেন না।
পর্যটকদের সহায়তায় ২৪ ঘণ্টার ভার্চুয়াল সেবা চালু করেছে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়, যা হিব্রু ও ইংরেজি ভাষায় তথ্য প্রদান করছে। এছাড়া, হোটেল ও অন্যান্য আবাসন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে পর্যটকদের থাকা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, "আমরা পর্যটকদের নিরাপদে দেশে ফেরাতে কাজ করছি। এর অংশ হিসেবে জর্ডান ও মিশরের সীমান্ত ব্যবহার করে পর্যটকদের ফেরার সুযোগ তুলে ধরা হচ্ছে। এসব সীমান্ত এখনো খোলা রয়েছে।"
সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে বিদেশি পর্যটকদের উদ্বেগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে