ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ইরানে বিক্ষোভ, চুক্তি নিয়ে অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তি ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৪ জুন) চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিলেও তা নাকচ করেছে তেহরান। এ পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে ইরানে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
শনিবার (১৩ জুন) সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি রোববারই স্বাক্ষরিত হবে। তিনি আরও বলেন, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাধা-বিঘ্ন ছাড়াই চলাচল নিশ্চিত হবে। মধ্যস্থতাকারী হিসেবে আলোচনায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও চুক্তি সইয়ের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
তবে ইরান সরকারের পক্ষ থেকে এখনো চুক্তি স্বাক্ষরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসমাঈল বাঘাই জানিয়েছেন, রোববার চুক্তি সইয়ের কোনো পরিকল্পনা নেই, তবে আগামী কয়েক দিনের মধ্যে সমঝোতা হতে পারে।
এমন অবস্থার মধ্যেই ইরানে শুরু হয় বিক্ষোভ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, রাজধানী তেহরানে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে তারা সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অনেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বিরুদ্ধেও স্লোগান দেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিরোধিতা করেন। কিছু অনলাইন পোস্টে দাবি করা হয়েছে, বিক্ষোভে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর ছবিও বহন করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, সাম্প্রতিক সামরিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ—সব মিলিয়ে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখনো গভীর অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। ফলে সম্ভাব্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

মতামত দিন