খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর প্রচারের সময় কান্নায় ভেঙে পড়েছেন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক। একই সঙ্গে প্রেস টিভি-এর এক উপস্থাপক সরাসরি সম্প্রচারে এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন।
খামেনির মৃত্যুতে ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থাপক আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘আল্লাহ মহান। গভীর শোকের সঙ্গে ইরানি জাতিকে জানানো হচ্ছে যে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি খামেনি আজ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের যৌথ অপরাধমূলক হামলায় শহীদ হয়েছেন।’
এ সময় স্টুডিওর বাইরে থেকেও কান্নার শব্দ শোনা যায় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে প্রেস টিভির উপস্থাপক মারিয়াম আজারচেহর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। লাইভ সম্প্রচারে তিনি বলেন,
‘এটা এখানেই শেষ নয়। ট্রাম্পকে এমন মূল্য দিতে হবে যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বা অপরাধী দেয়নি। প্রতিশোধ আসছে এবং তা খুব শিগগিরই আসবে।’
শনিবার ভোরে শুরু হওয়া এই হামলায় শুধু খামেনি নন, তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। তাদের মধ্যে তাঁর মেয়ে, নাতি, পুত্রবধূ ও জামাতার নাম উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে