সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান এয়ার বেজে এই হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত এই আক্রমণকে চলমান সংঘাতে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
হামলায় অন্তত দুটি আকাশে জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ সেনা আহত হয়েছেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ড্রোন হামলার পর ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে শনাক্ত হওয়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা থাকায় হামলার ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলে বিশ্ববাণিজ্যেও এর প্রভাব পড়তে শুরু করে।
বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত আরও বিস্তৃত আকার নিলে তা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে