Views Bangladesh Logo

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের দিকে মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক ভবনটি আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে ইসরায়েলি দূতাবাস থাকার কারণে এটি হামলার লক্ষ্যবস্তু হয়। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগে ধ্বংস করা হয়। এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার ভোরে ইসরায়েলের সামরিক বাহিনী ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার দায়িত্ব স্বীকার করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবানন সীমান্তের মারউন আল-রাস ও কাফার কিলা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ চালিয়েছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমির ‘ইয়োভ’ সামরিক ক্যাম্প এবং হাইফা বন্দরের নৌঘাঁটিও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল।

হিজবুল্লাহর হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অভিযান শুরুর আগে সীমান্ত সংলগ্ন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন ধরে যাওয়া-সহ গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দীয় কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগযোগামাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল কুপার বলেন, “ইরানের পুরো নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়া আমাদের মিশন এবং এই মিশন থেকে আমরা পিছপা হবো না। আজ আমরা ইরানি নৌবাহিনীর একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করেছি। এই ড্রোন ক্যারিয়ারটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার বিমানবাহী জাহাজগুলোর মতো। আমাদের হামলার পর ইরানি জাহাজটিতে আগুন ধরে গেছে।”

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এক্সবার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, এ পর্যন্ত ইরানের ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ