Views Bangladesh Logo

ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার ‘যথাযথ জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’য় হামলার ঘটনায় ‘যথাযথ জবাব’ দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শনিবার (১৪ মার্চ) দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এ ঘোষণা দেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে হাতামি বলেন, শান্তিপূর্ণ একটি মিশন শেষ করে জাহাজটি ইরানে ফিরছিল। সেই সময় কোনো উসকানি ছাড়াই জাহাজটিতে হামলা চালানো হয়, যাতে শতাধিক নৌসদস্য নিহত হন। তিনি বলেন, “এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, ‘আইআরআইএস দেনা’র নৌসদস্যরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামুদ্রিক সীমান্ত রক্ষা ও নৌবাহিনীকে শক্তিশালী করতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

সেনাপ্রধান জানান, ইরানের সেনাবাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে নৌ-সক্ষমতা জোরদার করা হবে।

অভিযোগে বলা হয়েছে, গত ৪ মার্চ নৌ-মহড়া শেষে দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ‘দেনা’য় টর্পেডো হামলা চালিয়ে সেটি ডুবিয়ে দেয়।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলান ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ৭০টির বেশি দেশ এক বা একাধিক যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। ইরানও তাদের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ নিয়ে ওই মহড়ায় অংশ নেয়।

মহড়া শেষে জাহাজটি ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয় বলে জানানো হয়েছে। এতে জাহাজে থাকা ১০৪ জন নৌসদস্যের মধ্যে ৯৪ জন নিহত হন। এ সময় শ্রীলঙ্কার নৌবাহিনী নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

পরে শুক্রবার (১৩ মার্চ) এসব মরদেহ তেহরানের কাছে হস্তান্তর করেছে কলম্বো কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ