Views Bangladesh Logo

হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর দিক থেকে ইরানের ওপর কোনো হামলা না হলে সেসব দেশে আর আক্রমণ চালাবে না তেহরান। শুক্রবার দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা জানান। পেজেশকিয়ান বলেন, যেসব প্রতিবেশী আরব দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন। তিনি আরও বলেন, যদি প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর আক্রমণ না আসে, তাহলে সেসব দেশের বিরুদ্ধে আর কোনো ধরনের হামলা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না।

তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো পরিস্থিতিতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, যারা ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন দেখছে, তাদের সেই আশা কখনো পূরণ হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ