Views Bangladesh Logo

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না: লারিজানি

ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সোমবার স্পষ্ট জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নেবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। এর আগে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ দাবি করেছিল, ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে, তবে লারিজানির বক্তব্য সেই গুঞ্জন নাকচ করেছে।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সূত্রে জানা গেছে, লেবানন থেকে মিসাইল ছোড়ার পর বৈরুত সরাসরি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দেশকে সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইসরায়েল বিপদ এড়াতে লেবাননের ৫০টিরও বেশি গ্রামে বসবাসকারী মানুষের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, হিজবুল্লাহর স্থাপনার কাছাকাছি থাকা জীবনঝুঁকিপূর্ণ।

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) এক জরুরি ভিডিও কনফারেন্সে ইরানের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে যৌথ প্রতিরোধের অঙ্গীকার করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ ছয়টি দেশ জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ইরান-ইসরায়েল হামলার জনমতের জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ আমেরিকান এই সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন, ৪৩ শতাংশ বিরোধিতা করেছেন, এবং ৫৬ শতাংশ মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প অতিরিক্ত উৎসাহী। বাংলাদেশ শান্তি ও আলোচনার পক্ষে থাকলেও কোনো নির্দিষ্ট পক্ষ নেবে না বলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ