ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আসলে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে সেই আগ্রহ প্রকাশ করতে ভয় পাচ্ছে।
বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান বর্তমানে আলোচনা করছে এবং চুক্তি করতে চায়, কিন্তু তারা তা প্রকাশ্যে বলতে পারছে না।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের কর্মকর্তারা আশঙ্কা করছেন—এমন অবস্থান প্রকাশ করলে তারা নিজেদের দেশের ভেতরেই আক্রমণের শিকার হতে পারেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কাও তাদের মধ্যে রয়েছে।
এর আগে হোয়াইট হাউজ জানায়, ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি। যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তেহরান তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি, তবুও বিকল্প পথে সমাধান খোঁজা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানে একটি সম্ভাব্য বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে যুদ্ধ অবসানের বিভিন্ন পথ নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এটিকে সরাসরি ‘আলোচনা’ বলা যাবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে