Views Bangladesh Logo

রাশিয়াসহ মিত্র দেশগুলোকে হরমুজ ট্রানজিট ফি মওকুফের ঘোষণা ইরানের

রাশিয়া এবং অন্যান্য মিত্র দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে ট্রানজিট ফি মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নোভোস্তি এ তথ্য জানিয়েছে।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে বলেন, তেহরান কিছু নির্দিষ্ট অংশীদার দেশের জন্য বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাদের বাণিজ্যিক ও অন্যান্য জাহাজ অতিরিক্ত খরচ বা বিধিনিষেধ ছাড়াই এই জলপথ ব্যবহার করতে পারে।

তিনি পুরো তালিকা বা এই ছাড়ের মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানাননি। তবে উল্লেখ করেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এই নীতির কাঠামো চূড়ান্ত করছে, যার মধ্যে যোগ্যতা নির্ধারণের বিষয়টিও থাকবে।

জালালি রাশিয়াকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, “বন্ধুত্বপূর্ণ দেশগুলো” যেন অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই হরমুজ রুট ব্যবহার করতে পারে।
হরমুজ প্রণালী একটি সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যার মাধ্যমে বিশ্বের তেল পরিবহনের একটি বড় অংশ যায়। এটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম কৌশলগত সংবেদনশীল ‘চোকপয়েন্ট’ হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন টানাপোড়েনের মধ্যে এসেছে। তারা এটিকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলায় ইরানের বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন।

পর্যবেক্ষকদের আরও মতে, নির্বাচিত দেশগুলোর জন্য ফি মওকুফের মাধ্যমে ইরান বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি পরিবহন পথের ওপর তার প্রভাব আরও জোরদার করছে, যা উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক নজরদারি চাওয়া পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়াতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ