অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালাতে সক্ষম ইরান: আইআরজিসি
বর্তমান পরিস্থিতিতে অন্তত আরও ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বর্তমান সামরিক অভিযানের গতিতেই তারা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান অভিযানের গতি বজায় রেখে অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ পরিচালনা করতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইরানের এই বক্তব্য সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মন্তব্যের সঙ্গে ভিন্ন চিত্র তুলে ধরছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান অত্যন্ত সফল হয়েছে।
সপ্তাহান্তে ট্রাম্প বলেন, 'আমরা এই যুদ্ধে অনেকটাই এগিয়ে আছি। আমরা তাদের পুরো দুষ্ট সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছি।'
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইরানের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী সামরিক সংগঠনগুলোর একটি। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও বাহিনীটির ব্যাপক প্রভাব রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে