গুগল, মেটা, অ্যাপলসহ বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এক মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
প্রতিবেদন অনুযায়ী, গুগল, মেটা, অ্যাপলসহ মোট ১৮টিরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যপ্রাচ্যে থাকা কার্যালয়কে লক্ষ্য করে সম্ভাব্য হামলার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইআরজিসির দাবি, এসব কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইরানি নেতাদের অবস্থান শনাক্ত ও গুপ্তহত্যায় সহায়তা করছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, স্থানীয় সময় ১ এপ্রিল রাত ৮টা থেকে এসব লক্ষ্যবস্তুর ওপর হামলা শুরু হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এই পদক্ষেপকে ইরানের সামরিক কৌশলের বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আগে যেখানে মূলত সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতো, এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সেই তালিকায় যুক্ত হয়েছে বলে উল্লেখ করা হচ্ছে।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, যেহেতু লক্ষ্য নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তি এসব কোম্পানির তৈরি, তাই তাদেরকে এখন থেকে “বৈধ লক্ষ্য” হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এএফপির তথ্যমতে, এই তালিকায় মাইক্রোসফট, ইন্টেল, ওরাকল, এনভিডিয়া, প্যালানটিয়ার, বোয়িং ও টেসলার মতো প্রতিষ্ঠানও রয়েছে।
এদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এর “পরিণতি ভোগ করতে হবে” বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আইআরজিসি আরও জানায়, মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে এসব প্রতিষ্ঠানের কার্যালয়ের আশপাশে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এরই মধ্যে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রযুক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে