Views Bangladesh Logo

বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিল ইরান

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।

আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার জানান, ইরানের দ্বীপপুঞ্জ বা ভূখণ্ডে কোনো স্থল অভিযানের পরিকল্পনা নেওয়া হলে কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগর এলাকায় সামরিক তৎপরতা বাড়ানো হলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলতে পারে তারা।

ভূগোলগতভাবে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। একই সঙ্গে সুয়েজ খাল-মুখী জাহাজ চলাচলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রেও এই প্রণালির গুরুত্ব অনেক। মধ্যপ্রাচ্যের উপকূলীয় তেলক্ষেত্র থেকে উৎপাদিত তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়।

যদিও প্রণালিটির অবস্থান ইয়েমেনে, তবুও সেখানে প্রভাব বিস্তারের কারণে ইরানের অবরোধ জারির সক্ষমতা রয়েছে। বিশেষ করে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী দক্ষিণ ইয়েমেনের কিছু অংশ নিয়ন্ত্রণ করে।

আইআরজিসির ওই কর্মকর্তা আরও দাবি করেন, এ বিষয়ে হুথি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ইরানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। সূত্র: এএফপি, এনডিটিভি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ