Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ১২তম দিনে এই অঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি ‘ব্যাংক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে’ হামলার প্রকাশ্য হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী(আইআরজিসি)। তেহরানে একটি ইরানি ব্যাংকে হামলার ঘটনার পর এই ঘোষণা আসলো।

বুধবার (১১ মার্চ) জাতিসংঘ কর্তৃক আইআরজিসির মালিকানাধীন হিসেবে চিহ্নিত 'খতম আল-আম্বিয়া' সদর দপ্তরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘শত্রুপক্ষ এখন থেকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের (ইসরায়েল) সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলিকে ব্যাংক লক্ষ্যবস্তু করার জন্য আমাদের হাত হাত খুলে দিয়েছে।’

ইরান সরকার এই অঞ্চলের সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, তারা যেন এই ধরনের ব্যাংক বা অর্থনৈতিক কেন্দ্রগুলোর অন্তত ১ কিলোমিটারের মধ্যে অবস্থান না করেন।

এদিকে দেশটির একটি বার্তা সংস্থা জানিয়েছে, যুদ্ধ এখন অবকাঠামোগত সংঘাতে রূপ নেওয়ায় ইরানের “বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বাড়ছে”। তাদের তালিকায় গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া ও ওরাকলের মতো প্রযুক্তি কোম্পানির নামও রয়েছে। এসব প্রতিষ্ঠানের ক্লাউড অবকাঠামো ও অফিস ইসরায়েলের বিভিন্ন শহর এবং কিছু উপসাগরীয় দেশে অবস্থিত।

গত সোমবার বৈরুতে হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট 'আল-কার্দ আল-হাসান' আর্থিক প্রতিষ্ঠানের একটি শাখায় ইসরায়েল বোমা হামলা চালায়। এর পরপরই তেহরানেও একটি ব্যাংক শাখায় ইসরায়েলি হামলার অভিযোগ ওঠে। ইরান একে "যুদ্ধের ক্ষেত্রে অস্বাভাবিক ও অবৈধ পদক্ষেপ" হিসেবে বর্ণনা করেছে।

ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে অভিযান চালাচ্ছে। তবে এসব হামলায় লেবাননে অন্তত ৫৭০ জন নিহত এবং প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ