হরমুজ প্রণালী থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান। বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের পরিকল্পনা হলো—হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার নামে ইরান সরকারকে টোল দিতে হবে। এ বিষয়ে উপসাগরীয় ছয় দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানি কর্মকর্তারা আলোচনা করেছেন। টোল থেকে পাওয়া অর্থ এসব দেশের সঙ্গে ভাগ করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করেছে। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।
ইরানের দাবি, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যে পড়ে, তাই বিদেশি জাহাজগুলোকে এটি ব্যবহারের জন্য অর্থ দিতে হবে। এ বিষয়ে ইরানের পার্লামেন্ট মার্চ মাসে একটি আইনও পাস করেছে।
তবে যুক্তরাষ্ট্র ইরানের এই উদ্যোগের কঠোর বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো দেশ একতরফাভাবে টোল আরোপ করতে পারে না। তিনি বলেন, এমন সিদ্ধান্ত মেনে নেওয়া হলে অন্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নিতে পারে, যা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ঘালিবাফ বলেছেন, যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা আর ফিরে যাবে না।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির পর বর্তমানে এই নৌপথে জাহাজ চলাচল বেড়েছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় প্রায় ৭০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন