Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের পক্ষ থেকে এমন জবাব দেওয়া হবে, যা যুক্তরাষ্ট্র কখনো ভুলতে পারবে না।

শনিবার (১৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে খামেনি বলেন, গত মাসের সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই। জুলুম, আধিপত্যবাদ ও বর্বরতা যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ উসকে দিতে চাইছে। তবে ইরান ও ‘প্রতিরোধ ফ্রন্ট’ তাদের এমন জবাব দিতে প্রস্তুত, যা তারা কখনো ভুলতে পারবে না। একই সঙ্গে তিনি দেশকে রক্ষায় নেতৃত্বের প্রতি আস্থা রাখার এবং চলমান সংকটের মধ্যে জনগণকে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। ইরানের দাবি, মার্কিন বাহিনী সেতু, রেলপথ, সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

জবাবে বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। এছাড়া ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলার দাবিও করেছে ইরান।

কুয়েতের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে এবং আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ