যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা পাল্টা প্রস্তাব
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ১৪ দফা পাল্টা প্রস্তাব গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে এবার পাল্টা প্রস্তাব দিয়েছে তেহরান। ওয়াশিংটনের দেওয়া পূর্ববর্তী শান্তি চুক্তি প্রস্তাবের বিপরীতে ১৪ দফার একটি দাবি সংবলিত নথি পেশ করেছে ইরান।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ ও রাষ্ট্রায়ত্ত ‘প্রেস টিভি’র প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ইরানের দেওয়া এই প্রস্তাবের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সময়সীমা। মার্কিন প্রশাসন যেখানে দুই মাসের যুদ্ধবিরতির কথা বলেছিল, ইরান সেখানে আগামী ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের শর্ত দিয়েছে।
ইরানের ১৪ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো প্রকার সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা প্রদান, ইরানের সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার, অবিলম্বে নৌ-অবরোধ প্রত্যাহার ও আন্তর্জাতিক ব্যাংকে জব্দকৃত ইরানের যাবতীয় অর্থ ফেরত। এ ছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান, দীর্ঘমেয়াদি সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবাননে চলমান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নতুন আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া এই নতুন প্রস্তাবটি পর্যালোচনার কথা নিশ্চিত করেছেন। তবে প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, "তারা (ইরান) একটি চুক্তিতে আসতে চাইছে ঠিকই, তবে তাদের দেওয়া শর্তে আমি মোটেও সন্তুষ্ট নই। দেখা যাক সামনে কী হয়।"
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিল; যার প্রধান শর্ত ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে