পণ্যবাহী জাহাজ আটকের জবাবে মার্কিন জাহাজে হামলা চালাল ইরান
ওমান উপসাগরে মার্কিন বাহিনী কর্তৃক একটি ইরানি পণ্যবাহী জাহাজ আটকের ঘটনায় প্রতিশোধ হিসেবে এবার পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। রোবাবর (১৯ এপ্রিল) মার্কিন জাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি পণ্যবাহী জাহাজ 'তুস্কা'-তে মার্কিন বাহিনীর পরিচালিত অভিযানের পরই এ হামলা চালানো হয়। তবে লক্ষ্যবস্তু করা জাহাজগুলো সামরিক বা বাণিজ্যিক ছিল কিনা তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এর আগে ইরান তাদের জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। তেহরান এই ঘটনাকে পাকিস্তান-মধ্যস্থতায় গত ৭ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
অন্য একটি আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, জাহাজটিতে হামলা চালানোর আগে সেটির নেভিগেশন সিস্টেম বা পথনির্দেশনা ব্যবস্থা অকেজো করে দিয়েছিল মার্কিন বাহিনী। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, জাহাজটিকে আটক করার আগে সেটির ওপর গুলিও চালানো হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী ওই জাহাজটিকে বাধা প্রদান করেছে ইউএসএস ‘স্প্রুয়েন্স’। সেন্টকমের দাবি, জাহাজটি মার্কিন নৌ-অবরোধ অমান্য করার চেষ্টা করছিল। বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র এই অভিযানের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরান একে 'জলদস্যুতা' হিসেবে আখ্যা দিয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে