Views Bangladesh Logo

মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, একাধিক ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ফের ‘পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত’ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, এই জলপথ পেরোনোর চেষ্টা করা যেকোনো জাহাজকেই লক্ষ্যবস্তু করা হবে। একইসঙ্গে তেহরান বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কূটনীতির সম্ভাবনাকে আরও দূরে ঠেলে দিয়েছে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, মার্কিন বাহিনীর ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের’ জবাবে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, প্রণালি দিয়ে ‘অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করা’ দুটি তেল ট্যাংকারে হামলা চালানো হয়েছে। তেল ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ এই জলপথে চলাচলকারী সকল যানবাহনকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়া হয়েছে।

আইআরজিসি জানায়, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমদ আল-জাবের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটিতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

বাহরাইনে দুই দফা আকাশসীমায় আক্রমণের সাইরেন বাজানো হয়। কুয়েত জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুর আকাশযান প্রতিরোধ করছে’। এর বাইরে ইরানের দক্ষিণের শহর কারগানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত দুজন আহত হয়েছেন।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, স্থানীয় সশয় বুধবার রাত ১০টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে চার ঘণ্টা ধরে চলা অভিযানে ইরানের ‘সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনা’ ধ্বংস করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নির্দেশে’ এবং ‘ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের’ জবাবে ইরানের অভ্যন্তরে ‘একাধিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়।

এই সর্বশেষ পরিস্থিতির সূচনা হয় হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ওয়াশিংটন এর জন্য তেহরানকে দায়ী করে এবং জানায় দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরপর থেকে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে।

সূত্র: আল-জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ