যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে ইরানের ৩ দফা প্রস্তাব
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ফেরার শর্ত হিসেবে তিনটি প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানে দ্বিতীয় দফার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর স্থানীয় গণমাধ্যমে এই তথ্য উঠে এসেছে। তেহরানের দেওয়া শর্তগুলো মূলত যুদ্ধের অবসান, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে।
ইরানের প্রস্তাবিত তিনটি ধাপ হলো:
প্রথম ধাপ: ইরান ও লেবাননের বিরুদ্ধে চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন পুনরায় এই দেশগুলোর ওপর আক্রমণ করা না হয়, তার সুনির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হবে।
দ্বিতীয় ধাপ: প্রথম ধাপের শর্তগুলো মেনে নেওয়া হলে দ্বিতীয় পর্যায়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’র ব্যবস্থাপনা ও প্রশাসন নিয়ে আলোচনা করা হবে।
তৃতীয় ধাপ: উপরের দুটি ধাপ সফলভাবে সম্পন্ন হওয়ার পরই কেবল ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং মজুত করা ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়ে আসছে।
ইরানের এই প্রস্তাবের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস স্পষ্ট জানিয়েছেন যে, এগুলো অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক বিষয়। যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো দরকষাকষি বা আলোচনায় যাবে না। তিনি বলেন, “প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, আলোচনার নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। আমরা কেবল এমন কোনো চুক্তিতে পৌঁছাব যা মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।”
সম্প্রতি দুই পক্ষের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা কোনো সুরাহা ছাড়াই শেষ হয়েছে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে