Views Bangladesh Logo

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল ফেরাতে ও আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এটি পুনরায় খুলে দেওয়ার জন্য একগুচ্ছ শর্তের তালিকা তৈরি করছে ইরান।

দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ি বলেছেন, তেহরান তাদের দাবিগুলো চূড়ান্ত করছে এবং নৌচলাচল পুনরায় চালুর আগে যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।

রেজায়ির ভাষ্য, আঞ্চলিক যুদ্ধের অবসান ইরানের শর্তগুলোর অন্যতম।

রয়টার্স জানিয়েছে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, ক্ষতিপূরণ প্রদান এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিও তেহরানের নতুন শর্তের তালিকায় রয়েছে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির তেহরান সফরের পর এই অগ্রগতি সামনে এসেছে। আঞ্চলিক উত্তেজনা কমাতে ও কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়াসের অংশ হিসেবে তিনি এ সফর করেন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ও রেজায়ির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, উত্তেজনা প্রশমন ও নতুন করে সংলাপের পরিবেশ তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

শেখ মোহাম্মদ ও আরাগচির আলোচনায় হরমুজ প্রণালিতে সাময়িক যৌথ নৌ-করিডর চালুর একটি প্রস্তাবিত অন্তর্বর্তী ব্যবস্থা এবং জলপথ থেকে মাইন অপসারণে যৌথ প্রকল্পের বিষয়ও স্থান পায় বলে জানিয়েছে কাতার।

পররাষ্ট্র মন্ত্রণালযয়ের তথ্যমতে, বৈঠকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা ও নৌচলাচলের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান শেখ মোহাম্মদ। একইসঙ্গে তিনি সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদ দেন।

এদিকে নৌচলাচল স্বাভাবিক করা ও যুক্তরাষ্ট্র-ইরান বিস্তৃত কূটনীতির জন্য গতি সৃষ্টির লক্ষ্যে মধ্যস্থতাকারীরা তৎপর থাকার মধ্যে ইরান ও ওমান পৃথকভাবে নিজ নিজ জলসীমা দিয়ে সাময়িক নৌ-করিডর চালুর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে ইরান-ওমান আলোচনার গুরুত্ব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন সরকারের এক সূত্র আল জাজিরাকে জানিয়েছে, এই আলোচনায় যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। একই সঙ্গে সূত্রটির দাবি, হরমুজ প্রণালি এখনো উন্মুক্ত রয়েছে। মাইন অপসারণ সম্পন্ন হয়েছে। ইরানের সঙ্গে কোনো আলোচনার সূচি নেই এবং মার্কিন নৌ-অবরোধ এখনো বলবৎ আছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ