Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান।

এ বিষয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আলরোওয়াই’র কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে অভিযোগ করা হয়, এই পাঁচ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। ফলে চলমান যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার দায় তাদেরও বহন করতে হবে এবং সে কারণেই ইরান ক্ষতিপূরণ দাবি করছে।

তবে এখন পর্যন্ত জাতিসংঘ মহাসচিব বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান চালায় এবং সমন্বিতভাবে ইসরায়েল ‘অপারেশন রোরিং লায়ন’ শুরু করে।

যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশটির আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে দেশটির অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার। সূত্র: আনাদোলু এজেন্সি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ