আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
আলোচনা গ্রহণযোগ্য ফলাফলে পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সরাসরি সামরিক সংঘাতে জড়াতে ইরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
দেশি-বিদেশি কূটনীতিকদের উদ্দেশে দেওয়া এক রাষ্ট্রীয় বার্তায় আরাঘচি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এই অঞ্চলের ক্ষতি করার পাশাপাশি খোদ আমেরিকার সাধারণ পরিবারগুলোকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে।
গত ২৮ ফেব্রুয়ারি এই সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্য ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে বিশ্বের তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, আমেরিকানদের বলা হচ্ছে যে ইরানের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধের বিপুল ব্যয়ভার তাদের মেনে নিতে হবে। পোস্টের সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের ক্রমবর্ধমান মুনাফার হারের একটি চার্টও যুক্ত করেন তিনি।
মার্কিন অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি ও শেয়ারবাজারের অস্থিরতা বাদ দিলেও আসল সংকট শুরু হবে তখন, যখন মার্কিন সরকারি ঋণ ও বন্ধকী ঋণের সুদের হার ক্রমাগত বাড়তে থাকবে। ইতোমধ্যে সেখানে গাড়ি ঋণে খেলাপির হার গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে