যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান
লেবানন ও গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণেই এই সিদ্ধান্ত। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-ঘনিষ্ঠ তাসনিমের ভাষায়, ‘লেবাননে জায়নবাদী শাসনের অপরাধ অব্যাহত থাকার’ কারণে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালিত ‘আলোচনা এবং খসড়া নথি আদান-প্রদান’ বন্ধ করবে তেহরান।
এর আগে ইরানি কর্মকর্তারাও একই সুরে বলেছিলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির আওতায় পড়ে এবং সেই চুক্তি 'সব ক্ষেত্রেই' লঙ্ঘন করা হচ্ছে। ইরান বারবার দাবি করে আসছে, গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার যেকোনো শান্তি চুক্তির পূর্বশর্ত।
এদিকে লেবাননের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার (১ জুন) জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে অনেক ভেতরে অবস্থিত একটি মধ্যযুগীয় দুর্গ ইসরায়েলি বাহিনী দখল করার পর এই বৈঠক আহ্বান করা হয়। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতে হিজবুল্লাহর কথিত ‘সন্ত্রাসী সদরদপ্তর’ লক্ষ্য করে হামলার নির্দেশ দিয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে