Views Bangladesh Logo

যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনায় ইরান, মধ্যস্থতায় পাকিস্তান: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মাধ্যমে পাঠানো নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, আমরা প্রস্তাবটি পর্যালোচনা করছি। এতে কিছু সময় লাগবে। এ বিষয়ে আমরা কোনো তাড়াহুড়া করছি না।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি নতুন ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠান। পাকিস্তানকে এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মার্চের মাঝামাঝি একই চ্যানেলের মাধ্যমে পাঠানো আরেকটি প্রস্তাবে ইরান ইতিবাচক সাড়া দেয়নি বলে জানানো হয়।

নতুন প্রস্তাবে ৪৫ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই সময় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত বন্ধ রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ তৈরির পরিকল্পনা রয়েছে।

এছাড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা এবং পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বা অবরোধ শিথিল করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইরানি পক্ষ জানিয়েছে, তারা প্রস্তাবের কিছু শর্তের সঙ্গে একমত নয়। বিশেষ করে যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়টি তারা গ্রহণ করছে না।

এদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান প্রস্তাবে সাড়া না দিলে তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হতে পারে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে। কূটনৈতিক উদ্যোগ সফল না হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ