Views Bangladesh Logo

খামেনির জানাজা ও দাফন ঘিরে ৩ দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে ঘিরে ৩ দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম এবং উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে জানান তেহরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার (২ জুন) তেহরানের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলি-জাদেহ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে জানান, শুধুমাত্র রাজধানী তেহরানেই খামেনির শোকমিছিল অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হবে। সেখানে ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) মানুষের সমাগম হতে পারে ধরে নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

খামেনির শেষ ইচ্ছা ও তাঁর পরিবারের পরামর্শ অনুযায়ী, তাঁর মরদেহ মাশহাদ শহরের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে দাফন করা হবে।

তাভাকোলি-জাদেহ আরও জানান, পুরো ইরানজুড়ে শোক ও স্মরণসভা আয়োজনের জন্য বিভিন্ন প্রদেশ থেকে অনবরত অনুরোধ আসছে। অনুষ্ঠানগুলো ইসলামি ক্যালেন্ডারের শেষ মাস ‘জিলহজ’-এর শেষের দিকে (চলতি জুনের মাঝামাঝি) আয়োজন করা হতে পারে।

উপ-মেয়র আশা প্রকাশ করে বলেন, খামেনির এই জানাজা হবে মুসলিম বিশ্বের ইতিহাসে নজিরবিহীন এক জমায়েত। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীর অঞ্চল থেকে বিপুল সংখ্যক শোকার্ত মানুষ মাশহাদে সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক ও ব্যাপক বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা নিহত হন। ওই হামলায় ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

এই ঘটনার পর ইরানও পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল পরিবহন রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি চুক্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের আলোচনা ব্যর্থ হয়। বর্তমানে উভয় পক্ষই সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে এবং এই সংঘাতের অবসান ঘটাতে একে অপরের কাছে নানামুখী প্রস্তাব আদান-প্রদান করছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ