Views Bangladesh Logo

ট্রাম্পের ‘হুমকি’ প্রত্যাখ্যান, হরমুজ প্রণালি নিয়ে নতুন নিয়ম ইরানের

ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করে হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, তারা একটি ‘নতুন শৃঙ্খলা’ বাস্তবায়নে প্রস্তুত। এর মধ্যে রয়েছে—প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপ।

আইআরজিসি জোর দিয়ে বলেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজের ক্ষেত্রে এই জলপথ আর আগের অবস্থায় ফিরবে না।

এদিকে ইরানের পার্লামেন্টও একটি আইন পাস করেছে, যার মাধ্যমে নির্দিষ্ট বিদেশি জাহাজের ওপর টোল আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৌযান চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শিপিং বিশ্লেষক প্রতিষ্ঠান লয়েড্‌স লিস্ট জানিয়েছে, ইতোমধ্যে কিছু জাহাজ এই প্রণালি দিয়ে চলাচলের জন্য চীনা ইউয়ান বা ইরানি রিয়ালে অর্থ পরিশোধ করছে।

এর আগে রোববার ডোনাল্ড ট্রাম্প এক্স-এ দেওয়া বার্তায় কঠোর হুমকি দেন। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। এমনকি ইরানকে ‘ভয়াবহ পরিণতির’ জন্য প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (ইরান) প্রকল্প পরিচালক আলি ভায়েজ বলেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণকে তেহরান তার পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখে, যা ‘ব্যাপক অস্থিরতা’ সৃষ্টি করতে সক্ষম।

হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ২১ মাইল চওড়া, যেখানে কার্যকর নৌপথ প্রায় ২ মাইল। ফলে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ