Views Bangladesh Logo

ট্রাম্পের হুমকির মধ্যেই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক সামরিক হুমকি ও নির্ধারিত সময়সীমা অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, তারা অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী অবসান চায়।

গতকাল সোমবার (৬ এপ্রিল) মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাবে ইরান ১০ দফা পাল্টা দাবি পেশ করে।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে— মধ্যপ্রাচ্যে সংঘাতের সম্পূর্ণ অবসান, হরমুজ প্রণালিতে নিরাপদ চলাচলের পৃথক প্রটোকল, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন।

একই দিন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি মঙ্গলবার (৭ এপ্রিল), অর্থাৎ আজকে রাতের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয় এবং যুদ্ধবিরতি চুক্তি না করে, তাহলে দেশটির ওপর ‘নরক’ নেমে আসবে। তিনি হুঁশিয়ারি উচ্চারন করে বলেন করে বলেন, ‘ইরানকে এক রাতের মধ্যেই নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে। এসময় ইরানের সব সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প।

ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড ট্রাম্পের এ হুমকিকে ‘মানসিক ব্যাধিজনিত উক্তি’ ও ‘অসভ্য, অহংকারী প্রস্তাব’ বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের উপ-ক্রীড়ামন্ত্রী আলিরেজা রাহিমি দেশটির বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ট্রাম্পের করা এসব মন্তব্যকে ‘সন্ত্রাসবাদের প্রত্যক্ষ উস্কানি’ ও ‘যুদ্ধাপরাধের প্রমাণ’ হিসেবে অভিহিত করেছেন।

ইরানকে দেওয়া হুমকির প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দেশটির একাধিক শীর্ষ রাজনীতিক। ডেমোক্র্যাট নেতা ও সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ট্রাম্পের বক্তব্যকে ‘একজন উন্মাদের প্রলাপ’ বলে মন্তব্য করেছেন। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ট্রাম্পের আচরণকে ‘বিপজ্জনক ও মানসিকভাবে ভারসাম্যহীন’ উল্লেখ করেছেন। সিনেটর ক্রিস মার্ফি ট্রাম্পের পদক্ষেপকে ‘চরম উন্মাদনা’ বর্ণনা করে প্রেসিডেন্টকে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার ২৫তম সংশোধনী প্রয়োগের সম্ভাবনার কথা তুলেছেন। এমনকি ট্রাম্পের সাবেক ঘনিষ্ঠ মিত্র মার্জোরি টেলর গ্রিনও দাবি করেছেন, ট্রাম্প ‘মানসিক ভারসাম্য হারিয়েছেন’।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে সারাবিশ্বের তেল সরবরাহের এক-পঞ্চমাংশ বহনকারী হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এই সংকট নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এইচআরএএনএর তথ্য অনুযায়ী, ইরানে এখন পর্যন্ত তিন হাজার ৫৪৬ জন নিহত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ