যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে হরমুজ প্রণালি ফের নিয়ন্ত্রণে নিল ইরান
ইরানের সামরিক বাহিনী আবারও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। আলজাজিরার খবরে বলা হয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে।
এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালি ‘পূর্বের অবস্থায়’ ফিরিয়ে আনা হবে এবং সশস্ত্র বাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখবে।
আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সমুদ্রপথে চুরি-ডাকাতির মতো কাজ করছে।’
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানগামী জাহাজগুলোর পূর্ণ নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ কঠোর নিয়ন্ত্রণে রাখা হবে।
এদিকে নিজেদের আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে খুলে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যটির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে দেশের আকাশসীমা খুলে দেওয়া ও কয়েকটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। আজ থেকেই ধীরে ধীরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলেও জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, দেশের পূর্বাঞ্চলের আকাশসীমা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই ইরানের আকাশসীমা বন্ধ ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে