সরকারবিরোধী বিক্ষোভের অভিযোগে ইরানে প্রকাশ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে সহিংসতা চালানোর অভিযোগে দুই ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে দেশটির ইস্ফাহান শহরের আলি খানি স্কয়ারে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজন হলেন আব্দুলফজল সিপাহী বাদজানি ও আমিরহোসেন সাফারি হোসেইনাবাদী।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শেষ দিকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন ৭ ও ৮ জানুয়ারিতে তীব্র রূপ নেয়। ওই সময় বিক্ষোভ দমনে কঠোর অভিযান চালায় ইরানের নিরাপত্তা বাহিনী। এরপর আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করা হয়।
ইরান সরকার অভিযোগ করেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি ইস্ফাহানে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও বোমা ব্যবহার এবং নিহতদের মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন। একই ঘটনায় ইস্ফাহানে মোট ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তবে এইচআরএএনএ দাবি করেছে, অভিযুক্তদের আইনজীবীরা মামলার নথিপত্রে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার পাননি এবং দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যদেরও রায়ের পূর্ণ বিবরণ জানানো হয়নি।
সিএনএনের প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত এ তথ্য আন্তর্জাতিক অঙ্গনে আবারও ইরানের বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।
মতামত দিন