Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে নতুন নৌপথ চালু করল ইরান

হরমুজ প্রণালিতে নতুন একটি নৌপথ চালু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-এর প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

আইআরআইবি জানায়, হরমুজ প্রণালির অভ্যন্তরে ‘লারাক করিডর’ নামে এই নতুন নৌপথটি চালু করেছে আইআরজিসি নৌবাহিনী। এটি হরমুজ দ্বীপের দক্ষিণ থেকে লারাক দ্বীপের দক্ষিণ পর্যন্ত বিস্তৃত।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রণালিটি পুনরায় খোলার পর আইআরজিসি নৌবাহিনীর অনুমতি সাপেক্ষে কেবল এই পথটি ব্যবহার করা যাবে। পুরো নৌপথটি ইরানের নিজস্ব জলসীমার ভেতরে অবস্থিত হওয়ায় আইআরজিসির অনুমতি ছাড়া সেখান দিয়ে জাহাজ চলাচল করা অসম্ভব।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকেই এই গুরুত্বপূর্ণ নৌপথে নিয়ন্ত্রণ জোরদার করে তেহরান। সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান অভিমুখী জাহাজের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

এর আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ঘোষণা দেন, ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা থাকবে। তবে শনিবার ইরানের প্রধান সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় প্রণালিতে আবারও কঠোর নিয়ন্ত্রণ শুরু করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ