Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট ম্যাপ নিয়ে ইরান-ওমানের চুক্তি

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল রুট ম্যাপ নিয়ে সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শনিবার (১৬ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মুখপাত্র বাঘাই বলেন, কৌশলগত এই প্রণালির উপকূলীয় দুই দেশ ইরান ও ওমান নিরাপদ নৌপথ তৈরির উদ্দেশ্যে গত ১৮ জুনের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এ বিষয়ে নিবিড় আলোচনা শুরু করে। যুক্তরাষ্ট্রের নানা বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে এ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং নতুন রুট ম্যাপ নিয়ে একটি চুক্তি হয়েছে।

তিনি আরও জানান, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশটির প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষের যৌথ সমন্বয়ে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দুই দেশ এখনো যৌথ ঘোষণার বিষয়সহ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকবে।

ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেন, এই চুক্তি উভয় দেশের সার্বভৌমত্ব বজায় রেখে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে দুটি উপকূলীয় রাষ্ট্রের মধ্যে একটি স্বাধীন চুক্তি। তবে প্রণালিতে পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হওয়া নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও নৌ অবরোধ বন্ধ করা এবং চুক্তি লঙ্ঘনের ক্ষতিপূরণ দেওয়ার ওপর।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের অংশ হিসেবে ইরান ও ওমানকে হরমুজ প্রণালির জন্য নতুন নৌপথ কাঠামো তৈরির দায়িত্ব দেওয়া হয়। রুট নিয়ে চুক্তি হলেও কৌশলগত এই জলপথটি পুনরায় উন্মুক্ত করার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে বলে পুনর্ব্যক্ত করেছে তেহরান।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ