পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ প্রস্তাবের কথা জানান বলে জানিয়েছে বিবিসি।
পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংলাপ আয়োজন করতে ইরান প্রস্তুত রয়েছে। সুপ্রতিবেশী নীতির ভিত্তিতে দুই দেশের মতপার্থক্য দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আব্বাস আরাগচি বলেন, শান্তি প্রক্রিয়ায় ইরান তার সমর্থন অব্যাহত রাখবে। কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে তেহরান প্রস্তুত।
সীমান্ত উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এর আগেও পাকিস্তান-আফগানিস্তান বিরোধ নিরসনে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছিল ইরান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে