সৌদি আরবসহ ৫ দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
পাঁচ আরব দেশ অর্থাৎ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ইরান। দেশটি অভিযোগ করেছে, এসব রাষ্ট্র যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় সহযোগিতা করেছে।
সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আলরোয়াইয়িকে লেখা এক চিঠিতে জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি দাবি করেন, উল্লিখিত দেশগুলো আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। তাই যুদ্ধ চলাকালে ইরানের ক্ষতির দায়ভার তাদের নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে হাজারো মানুষ নিহত ও আহত হয়। এরপর তেহরান পাল্টা হামলা চালায় ইসরায়েল, ইরাক, জর্ডান ও উপসাগরীয় দেশগুলোতে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। পরবর্তীতে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
এদিকে, গত রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে টানা ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি উভয়পক্ষ।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে