মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের শোক
ওমান উপকূলের কৌশলগত অঞ্চল স্ট্রেইট অব হরমুজের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছে ইরান।
শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ শোক প্রকাশ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা এবং ভারতীয় নাগরিকদের মৃত্যু ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ এবং ‘রাষ্ট্রীয় দস্যুতার’ শামিল।
তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভারতের সরকার ও জনগণের সঙ্গেও সহানুভূতি প্রকাশ করেন।
বাঘাই আরও দাবি করেন, এ ধরনের ঘটনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (১০ জুন) যুক্তরাষ্ট্রের বাহিনী পালাউ পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন রুমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাহাজটিতে মোট ২৮ জন ক্রু ছিলেন, যার মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক। হামলার পর তিনজন নিখোঁজ হন এবং পরে ভারতের ভারত সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে তারা মারা গেছেন।

মতামত দিন