খামেনি হত্যার প্রতিশোধের হুমকি, ১৩ বিশ্বনেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ ইরানি গণমাধ্যমে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধের হুমকির মধ্যে দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম ১৩ জন বিশ্বনেতার ছবি-সংবলিত একটি কথিত ‘টার্গেট তালিকা’ প্রকাশ করেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রক্ষণশীল ইরানি পত্রিকা হামশাহরি শনিবার রাতে অনলাইনে একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎসসহ ১৩ জন বিশ্বনেতার ছবি প্রকাশ করা হয়।
এর কয়েক ঘণ্টা আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক বিবৃতিতে বলেন, ‘প্রতিশোধ পুরো জাতির ইচ্ছা এবং তা বাস্তবায়ন করতেই হবে।’
তবে প্রকাশিত এই তালিকাটি ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, তা স্পষ্ট নয়। ইনফোগ্রাফিকটি শুধু অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে; রোববারের মুদ্রিত সংস্করণে এটি ছাপা হয়নি।
সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ এনে ইউরোপের কয়েকটি দেশকে ওয়াশিংটনের কর্মকাণ্ডে সহযোগী বলেও অভিযুক্ত করেছে ইরান।
মতামত দিন