মার্কিন বিমানবাহী রণতরীতে নৌসেনাদের মধ্যে সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ। তবে এ দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরীটি মোতায়েন থাকায় এর নৌসেনাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এ নিয়ে তাদের পরিবারের সদস্যরাও উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। পরিস্থিতি নিয়ে ক্রুদের সঙ্গে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা রণতরীটিতে যান।
সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম জানায়, নৌসেনাদের একটি সমাবেশে ওই উপদেষ্টা বক্তব্য দেওয়ার সময় তাকে উদ্দেশ করে দুয়োধ্বনি দেওয়া হয় এবং পানির বোতল ছোড়া হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের দাবি করা হয়েছে। সংঘর্ষে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তাসনিমের দাবি, ঘটনার পরও রণতরীটির ভেতরে উত্তেজনা বিরাজ করছে। তবে মার্কিন নৌবাহিনী বা ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এই সাতজন নিহত হওয়ার দাবি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এর আগে মার্চে আব্রাহাম লিংকনে এক নৌসেনা আহত হওয়ার ঘটনা মার্কিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল এবং জানিয়েছিল, সেটি যুদ্ধ-সম্পর্কিত ছিল না।
প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যসংলগ্ন অঞ্চলে মোতায়েন রয়েছে। প্রায় ৫ হাজার ৫০০ নৌসেনা ও মেরিন নিয়ে পরিচালিত এই বিমানবাহী রণতরীটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তবে রণতরীটির বর্তমান অবস্থান, মোতায়েনের মেয়াদ এবং সংঘর্ষের ঘটনা নিয়ে তাসনিমের প্রতিবেদনে থাকা কিছু তথ্যের স্বাধীন যাচাই সম্ভব হয়নি। ফলে সাতজন মার্কিন নৌসেনা নিহত হওয়ার বিষয়টি আপাতত ইরানি সংবাদমাধ্যমের দাবি হিসেবেই দেখা হচ্ছে।
মতামত দিন