ড্রেসিং রুমে শান্তির বার্তা রেখে গেল ইরান, লাল কালিতে মিনাব হামলায় নিহতদের স্মরণ
বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিং রুমে হাতে লেখা একটি চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, ‘সকল জাতির মধ্যে শান্তি, সম্মান ও বন্ধুত্ব বজায় থাকুক।’
‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ শেষে ইরান দল লস অ্যাঞ্জেলেস ছাড়ার আগে রেখে যাওয়া চিঠিতে জানায়, হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আধুনিক ইরান পর্যন্ত দেশের চেতনা আজও অটুট। তারা গর্বের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে এসেছে, সম্মানের সঙ্গে খেলেছে এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছে বলেও উল্লেখ করা হয়।
চিঠিতে লস অ্যাঞ্জেলেসের আতিথেয়তা এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল লাল কালিতে লেখা একটি স্মারক বার্তা। সেখানে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে মিনাবের একটি স্কুলে বোমা হামলায় নিহত ১৬৮ জনের কথা উল্লেখ করে তাদের স্মরণ করা হয়।
এবারের বিশ্বকাপের বিশেষ প্রেক্ষাপটও আলোচনায় এসেছে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো অংশগ্রহণকারী দেশ আয়োজক দেশের সঙ্গে যুদ্ধাবস্থায় থেকে টুর্নামেন্টে খেলছে। যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই ইরান দলের এই বার্তা আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি কেড়েছে।
যুদ্ধ শুরুর পর গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে আপত্তি জানিয়েছিল ইরান। পরে বেইস ক্যাম্প মেক্সিকোয় সরিয়ে নেওয়া, ভিসা জটিলতাসহ নানা অনিশ্চয়তা কাটিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নেয় দলটি।
চলমান বিশ্বকাপে ইরান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে। এরপর বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবার সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান।
মতামত দিন