Views Bangladesh Logo

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান

তেহরানসহ কয়েকটি শহরে ইসরায়েলি হামলার পর ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে তেল আবিব। তবে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ইরান থেকে নিক্ষেপ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমার দিকে আসতে শনাক্ত করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয় এবং জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত করতে কাজ করছে এবং প্রয়োজন হলে পাল্টা হামলা চালাবে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ অপ্রবেশযোগ্য নয়, তাই নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা জরুরি।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা তাদের প্রতিবেদনে বলেছে রাজধানী তেহরানসহ ইরানের অন্তত ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত অন্যান্য শহরগুলো হলো ইস্ফাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ ও তাবরিজ।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্রথমে তেহরানের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই অন্য পাঁচ শহরেও হামলার খবর পাওয়া যায় বলে জানায় ফার্স নিউজ ও ইরনা।

এদিকে ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি প্রতিরক্ষা হিসেবে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সূত্রের বরাতে জানিয়েছে, তেহরানে যে স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তার কাছেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর অবস্থিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ